রাজনীতি

সরকারের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম দেখে আতঙ্কিত হচ্ছি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রতিটি স্তরে অনিয়ম ও দুর্নীতির ভয়াবহ বিস্তার ঘটেছে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ভেতরে যতই প্রবেশ করছি, বিদ্যমান বিশৃঙ্খলা দেখে ততই আতঙ্কিত হচ্ছি। তিনি অভিযোগ করেন, গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করার পাশাপাশি সামাজিক নৈতিকতাকেও বিসর্জন দিয়েছে।

শনিবার (২ মে) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে (অডিটরিয়াম) জিয়া পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে বিএনপির অবস্থান পরিষ্কার করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন এবং উচ্চকক্ষে ‘পিআর’ (আনুপাতিক প্রতিনিধিত্ব) ব্যবস্থা চালু করবেন—এমন কোনো প্রস্তাবে বিএনপি কখনোই একমত হয়নি। তিনি দৃঢ়তার সাথে বলেন, বিএনপিই মূলত রাষ্ট্র সংস্কারের প্রবক্তা। তবে বর্তমানে সংস্কারের নামে জামায়াত যে আন্দোলন করছে, তার প্রকৃত উদ্দেশ্য হলো দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি করা। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই সনদের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে মন্ত্রী বলেন, “জুলাই সনদের প্রতিটি পর্যায়ে আমাদের উপস্থিতি ছিল। আমরা বেশ কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত দিয়েছি এবং নির্ধারিত জায়গায় স্বাক্ষরও করেছি। কিন্তু এখন অবলীলায় বলা হচ্ছে যে, সবটাই মেনে নিতে হবে। অথচ উচ্চকক্ষে পিআর পদ্ধতি বা সংবিধান সংস্কার পরিষদের বিশেষ কিছু প্রক্রিয়ায় আমরা সায় দিইনি।”

তিনি আরও জোর দিয়ে বলেন, রাষ্ট্রের মৌলিক এবং কাঠামোগত সব পরিবর্তন অবশ্যই নির্বাচিত সংসদের মাধ্যমে সম্পন্ন হতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত দেশের জন্য মঙ্গলজনক হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button