রাজনীতি

৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অপরাধ বিচিত্রা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি ৭ দিনের সফরে জাপানে পৌঁছেছেন। এ সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

শনিবার (০২ মে) রাত ২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ বিমানযাত্রা শেষে স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছালে সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে বিরোধীদলীয় নেতাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় প্রবাসীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তার সঙ্গে মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি। তারা সফরজুড়ে বিভিন্ন কূটনৈতিক ও কমিউনিটি কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

জানা গেছে, সফরকালীন সময়ে বিরোধীদলীয় নেতা জাপানে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, মতবিনিময় সভা এবং প্রবাসী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এসব কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়াও, জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে, যেখানে বাংলাদেশ-জাপান সম্পর্ক, বিনিয়োগ, শ্রমবাজার এবং শিক্ষা-প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিরোধীদলীয় নেতার যোগাযোগ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ৭ দিনের এ সফর শেষে আগামী ৯ মে তিনি ঢাকায় ফিরে আসবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button