রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে হাতেনাতে আটক দুই যুবক
নজরুল ইসলাম বাদল: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তারাব পৌরসভার খাদুন এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) এবং একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)। আদালত পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় খাদুন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় পিয়ার আলী ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উপজেলাকে মাদকমুক্ত করার প্রচেষ্টা চলমান থাকবে।”
দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।



