ঢাকায় বাসেড-এর সংবর্ধনা পেলেন এমপি জসিম, ঘুংঘুর’-এর মোড়ক উন্মোচন

এম এ মান্নান,সিনিয়র রিপোটার: কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও ব্রাহ্মণপাড়া স্টুডেন্টস এসোসিয়েশন অব ঢাকা (বাসেড)-এর প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব জসিম উদ্দিন জসিমকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের স্টার কাবাব রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এমপি জসিম উদ্দিন জসিম বাসেড প্রকাশিত ম্যাগাজিন ‘ঘুংঘুর’-এর দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এসময় তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুনের হাতে ম্যাগাজিনটির কপি তুলে দেন।
বক্তব্যকালে সংসদ সদস্য বলেন, “শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি বাসেডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
বাসেডের সভাপতি আরাফাত হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাসেডের সদস্যরা উপস্থিত ছিলেন।



