বি এন এস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য অভিষেক সম্পন্ন

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র ‘বি এন এস সেন্টার’ ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত বি এন এস সেন্টারের নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি (উত্তরা জোন)-এর সভাপতি এবং ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হেলাল তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বি এন এস সেন্টার উত্তরার একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রাণকেন্দ্র। এখানকার ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা এবং গ্রাহকসেবার মান উন্নয়নে নবনির্বাচিত কমিটি নিষ্ঠার সাথে কাজ করবে বলে আমার বিশ্বাস।”
সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আনিসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দোকান মালিক সমিতি (উত্তরা জোন)-এর সাধারণ সম্পাদক মোঃ জেহাদুল ইসলাম পরশ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম দর্জি এবং বি এন এস সেন্টার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে সাধারণ ব্যবসায়ীরা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অভিষেক সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি ও ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। জবাবে নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো সমস্যায় এবং বিপদে পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সাধারণ ব্যবসায়ীদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।



