
স্টাফ রিপোর্টার, মামুন খান: রাজধানীর খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটে বর্তমান ‘অবৈধ’ কমিটি বাতিল ও নতুন নির্বাচনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাধারণ ব্যবসায়ীরা। ‘খিলগাঁও তালতলা মার্কেট ব্যবসায়ী ঐক্য ফোরাম’-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে ব্যবসায়ীরা মার্কেটে সুশাসন প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানান।
ব্যবসায়ীদের অভিযোগ, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর একটি অসাধু চক্র দলীয় প্রভাব খাটিয়ে এবং ট্রেড ইউনিয়নের কিছু কর্মকর্তার যোগসাজশে সমিতির তালা ভেঙে গায়ের জোরে অফিস দখল করে নেয়। সাধারণ ব্যবসায়ীদের কোনো ম্যান্ডেট বা উপস্থিতি ছাড়াই এই অবৈধ কমিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই মার্কেটে ব্যবসায়ীদের ওপর জুলুম-নির্যাতন, মিথ্যা মামলা এবং দোকানে তালা দেওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৮ মে সাধারণ ব্যবসায়ীরা এই অনিয়মের প্রতিবাদে কর্মসূচি পালন করার পর থেকে দখলদার কমিটি আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। যারা ন্যায্য দাবি তুলছেন, তাদের বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। এ অবস্থায় ব্যবসায়ীরা ঢাকা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলামের বিশেষ হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, গত রমজান মাসে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি ব্যবসায়ীদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন।
ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রধান দাবিগুলো হলো:
১. বর্তমান অবৈধ কমিটি অবিলম্বে বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা।
২. মার্কেটের পার্কিংয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা।
৩. বিদ্যুৎ চুরি রোধে প্রতিটি দোকানে দ্রুত প্রিপেইড কার্ড বা মিটার চালু করা।
৪. ফুটপাত ও মার্কেট কেন্দ্রিক সকল ধরণের চাঁদাবাজি ও অবৈধ আর্থিক লেনদেন বন্ধ করা।
৫. মাদক মুক্ত ও নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত করা।
ব্যবসায়ীরা জানান, পার্কিংয়ের জায়গায় অবৈধ দোকান বসিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি করা হচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন, যেন এই ‘নব্য সন্ত্রাসীদের’ হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া হয় এবং একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে মার্কেটে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।



