আইন-শৃঙ্খলাচট্টগ্রাম

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটরসহ (ভেকু) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সোয়া একটার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের নতুন বাজার সংলগ্ন ছমদিয়া পুকুর পাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলমের দিক-নির্দেশনায় এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ছদাহা ইউনিয়নের নতুন বাজারস্থ মেসার্স রহমানিয়া ট্রেডিংয়ের সামনের পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় সেখানে মাটি কাটার সরঞ্জামসহ একটি ডাম্পার ট্রাককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতকানিয়া থানার ছদাহা আশ্রয়ণ প্রকল্পের শামসুল হকের ছেলে দুছ মোহাম্মদ (৩০) এবং কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী ইউনিয়নের চাকলাদার পাড়ার আবুল হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৫)।

পুলিশ জানায়, আটকের পর ওই ডাম্পার ট্রাক এবং এর ওপর থাকা এস্কেভেটর বা ভেকু মেশিনের মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র উপস্থাপন করতে বলা হলে তারা কোনো সঠিক নথিপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। পরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে জব্দকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে—একটি ইসুজু (ISUZU) ব্র্যান্ডের ডাম্পার ট্রাক (রেজিঃ নং-নোয়াখালী-ন-১১-০৫৬১) এবং একটি জাপানি কোমাৎসু (Komatsu) কোম্পানির এস্কেভেটর মেশিন।

সাতকানিয়া থানা পুলিশ নিশ্চিত করেছে যে, জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাহাড় কাটা ও অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button