শিক্ষা

উম্মুলক্বোরা একাডেমির দুই কৃতি শিক্ষার্থীর পবিত্র কুরআন হিফজ সম্পন্ন ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ‘উম্মুলক্বোরা মহিলা একাডেমি’র দুই খুদে শিক্ষার্থী অত্যন্ত অল্প বয়সে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করার গৌরব অর্জন করেছে। মাত্র ৯ ও ১১ বছর বয়সে কুরআন হেফজ সমাপ্তকারী এই কৃতি শিক্ষার্থীরা হলো— সাংবাদিক মোহাম্মদ মাসুদের কন্যা মাহফুজা আক্তার (১১) এবং ইসরার জাহিন (৯)।

দীর্ঘ ২৬ বছর ধরে সম্পূর্ণ নারী পরিচালিত ও নির্ভরযোগ্য এই দ্বীনি প্রতিষ্ঠানে সম্প্রতি দুই ক্ষুদে হাফেজা ও হাফেজার এই সাফল্য উদযাপন উপলক্ষে এক সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কসমোপলিটন আবাসিক এলাকার রোড-১-এ অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রধান পরিচালক মাওলানা শাইখ আখতার হোসাইন (হাফিজাহুল্লাহ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আনাস ছোলতানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক মুফতি আবু বকর সিদ্দিক তানভীর। মূল অনুষ্ঠানমালায় দুই খুদে শিক্ষার্থীর সংবর্ধনার পাশাপাশি একাডেমির মাসিক মেধাতালিকায় স্থান অর্জনকারী এবং শতভাগ উপস্থিত থাকা শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি এর মর্মার্থ, শিক্ষা ও আদর্শ দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। একটি শিশুকে সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের যৌথ ভূমিকা অনন্য।

সন্তানদের এমন অভাবনীয় সাফল্যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন অভিভাবকরা। বিশেষ করে কৃতি শিক্ষার্থী ইসরার জাহিনের অভিভাবক শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মাওলানা আনাস ছোলতানী। উল্লেখ্য, ২৬ বছর ধরে সুনামের সঙ্গে পরিচালিত হওয়া এই প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় নৈতিকতা, শৃঙ্খলা ও দ্বীনি মূল্যবোধ ছড়িয়ে দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button