দেশ

তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

অনলাইন ডেস্ক: উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) চলতি শীত মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় উত্তরাঞ্চলে শীতের আমেজ ও তীব্রতা স্পষ্টভাবে বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের প্রথম শ্রেণির কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি জানান, আজ সকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এর আগের দিন বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সে হিসাবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

সন্ধ্যা নামার পর থেকেই কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি ক্রমে বাড়ছে। বিশেষ করে গভীর রাত ও ভোরের দিকে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে এলাকা।

স্থানীয় বাসিন্দা তাজ উদ্দিন আহমেদ জানান, গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকে উত্তরের ঠান্ডা বাতাস বইছে এবং ভোররাতে কুয়াশা পড়ছে; আজ সকালে শীতের প্রকোপ বেশ ভালোই টের পাওয়া যাচ্ছে।

আবহাওয়া কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, সামনের দিনগুলোতে তেঁতুলিয়াসহ আশপাশের অঞ্চলে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। শীতের আগাম এই তীব্রতায় সকাল-সন্ধ্যায় চলাচলকারী শ্রমজীবী মানুষ ও শিশু-বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button