ফেনীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর বাড়িতে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ
অনলাইন ডেস্ক: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়ির মূল্যবান মালামাল লুটের পর তিনটি কক্ষ এবং বাড়ির সামনে থাকা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
হামলার সময় বাড়িতে অবস্থানরত হাজী রহিম উল্লাহর ভগ্নিপতি রফিকুল ইসলাম জানান, রাত ২টার দিকে ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নেয় এবং পরবর্তীতে পেট্রোল ঢেলে বাড়ির তিনটি কক্ষ ও আঙিনায় রাখা তিনটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রফিকুল ইসলাম ছাড়া পরিবারের অন্য কোনো সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী উদ্দেশ্যে এই হামলা ও অগ্নিসংযোগ চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, হাজী রহিম উল্লাহ ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে এবং তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন।



