এইচএসসি ফলাফল বিপর্যয়:চাঁদপুরের মতলব উত্তরের দুই কলেজে একাদশ শ্রেণির পাঠদান সাময়িক স্থগি

মো. রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি:
এইচএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল না হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে থাকা ১৩টি কলেজের একাদশ শ্রেণির পাঠদান ও একাডেমিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে।
স্থগিত হওয়া প্রতিষ্ঠান দুটি হলো জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ এবং শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজ।
বৃহস্পতিবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. সামছুল ইসলাম জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হয়েছে এবং এইচএসসি পরীক্ষায় অত্যন্ত দুর্বল ফলাফল করেছে, তাদের একাদশ শ্রেণির পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় যেসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য থেকে ৫ শতাংশের মধ্যে রয়েছে, তাদের ফলাফলকে অসন্তোষজনক হিসেবে বিবেচনা করা হয়েছে। এ বিষয়ে গত ৭ জানুয়ারি বোর্ড চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষা কমিটির বৈঠকে ১৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম বলেন, দীর্ঘদিন ধরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান একাদশ শ্রেণিতে দুর্বল ফলাফল করছে এবং বারবার সতর্ক করার পরও শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়নি, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও একটি সতর্ক বার্তা থাকবে।
তবে তিনি জানান, এই স্থগিতাদেশ স্থায়ী নয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে ভবিষ্যতে আবারও তাদের একাডেমিক কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হবে।
এবারের এইচএসসি পরীক্ষায় সবচেয়ে খারাপ ফলাফল দেখা গেছে মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করলেও কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশ।
অন্যদিকে শরিফ উল্লাহ হাইস্কুল অ্যান্ড কলেজেও পাসের হার ৫ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর মতলব উত্তর উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪০৫ জন এবং মাত্র দুইজন শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করেছে। এতে উপজেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭২ শতাংশ।
এদিকে আলিম পর্যায়ে উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ১৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে। আলিম পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৬৩ শতাংশ হলেও কোনো শিক্ষার্থী জিপিএ–৫ অর্জন করতে পারেনি।



