চাষাড়ায় ব্রাজিল সমর্থকদের ঢল, বিশ্বকাপ উন্মাদনায় মুখর নারায়ণগঞ্জ

মো: রাকিব হোসাইন হৃদয়, জেলা প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে নারায়ণগঞ্জে দেখা গেছে ব্রাজিল সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস। শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু ও তরুণ-তরুণীরা ব্রাজিলের জার্সি ও জাতীয় পতাকা হাতে অংশ নেন। প্রিয় দলের স্লোগান, বাঁশি, ঢোল এবং উৎসবমুখর পরিবেশে পুরো চাষাড়া এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে অসংখ্য মানুষ শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।
আয়োজকদের ভাষ্য, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সমর্থকদের একত্রিত করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তারা বলেন, প্রতিপক্ষ দলের প্রতি সম্মান বজায় রেখে আনন্দ-উৎসবের মধ্য দিয়েই বিশ্বকাপ উদযাপন করা উচিত।
শোভাযাত্রাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণে ছিলেন।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচকে ঘিরে নারায়ণগঞ্জে ফুটবলপ্রেমীদের উন্মাদনা দিন দিন আরও বাড়ছে। বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও ইংল্যান্ডের সমর্থকদের নানা আয়োজন ইতোমধ্যেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবের রূপ নিয়েছে।



