অনুসন্ধানঅভিযানদুর্ঘটনাপরিবেশ

জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল দুই পথচারীর, নিরাপদ সড়ক নিয়ে ফের প্রশ্ন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:

জামালপুর সদর উপজেলার দিগপাইত কাঁচাবাজার এলাকায় বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মহাসড়কে দীর্ঘদিন ধরেই অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করলেও কার্যকর নজরদারি না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে।
নিহতদের একজন মো. ননি ড্রাইভার (৬০)। তিনি দিগপাইত ড্রাইভার বাড়ি এলাকার বাসিন্দা এবং মো. মজিদ ড্রাইভারের ছেলে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর নিহত মো. হাফিজ (৫৫) সরিষাবাড়ী উপজেলার মাটিয়াজানী গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের ভাষ্য, সকালে ননি ড্রাইভার ও হাফিজ কেনাকাটার জন্য কাঁচাবাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জামালপুরগামী ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিগপাইত কাঁচাবাজার এলাকায় প্রতিদিনই মানুষের ব্যাপক চলাচল থাকে। বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানের কারণে সকালে ও বিকেলে এ সড়কে পথচারীদের ভিড় বেশি থাকে। তবুও এখানে যানবাহনের গতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, “ঘটনাস্থলেই একজন মারা যান। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। চালককে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
স্থানীয় বাসিন্দারা দিগপাইত কাঁচাবাজার এলাকায় স্পিড ব্রেকার নির্মাণ, জেব্রা ক্রসিং, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিয়মিত পুলিশি নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব ব্যবস্থা না নিলে ভবিষ্যতেও এমন প্রাণহানির ঘটনা ঘটতেই থাকবে।
এই দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে—ব্যস্ত বাজারসংলগ্ন মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর ব্যবস্থা নিচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button