রাউজানে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আব্দুর রহিম বাদশা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের নির্দেশনায় এবং রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাউজান থানা পুলিশের একটি আভিযানিক দল।

গত ৩১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টা ২০ মিনিটে রাউজান পৌরসভার ছত্রপাড়া এলাকায় শাহ আব্দুল হক ফকিরের মাজারের সামনে ছত্রপাড়া-ডাবুয়া হিংগলা সড়কে এ অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রহিম বাদশাকে আটক করে পুলিশ। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।



