প্রশাসন

শীতবস্ত্রহীন মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন মানবিক জেলা প্রশাসক

মুহাম্মদ জুবাইর

শীতের তীব্রতা বাড়তে থাকায় চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্রহীন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত ৩১ ডিসেম্বর গভীর রাতে তিনি সশরীরে উপস্থিত হয়ে রাস্তার ধারে ও ফুটপাতে ঘুমিয়ে থাকা শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।এ সময় তার সঙ্গে জেলা প্রশাসনের কর্মরাও উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানা যায়,ওই রাতে দামপাড়া গরীবউল্লাহ মাজার এলাকা, ষোলশহর রেলস্টেশন, মুরাদপুর, চকবাজার, চেরাগী পাহাড় মোড়, লালদিঘী এলাকা এবং জেল রোডে মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।বিশেষ করে অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও বসতবাড়িহীন ভাসমান মানুষকে অগ্রাধিকার দেওয়া হয়। জেলা প্রশাসক নিজে এগিয়ে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং শীতের কষ্ট সম্পর্কে জানতে চান।

শুধু কম্বল বিতরণ নয়,মানবিক আচরণেরও নজির রাখেন তিনি। শীতার্ত দুই শিশু ঝুমুর ও শাহীনের রাতের খাবারের প্রয়োজনীয়তা বিবেচনায় তাৎক্ষণিক অর্থ সহায়তা দেন।এছাড়া টেকনাফের বাসিন্দা আব্দুল মজিদ, যিনি কন্যাকে নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় বসবাস করছেন,তার পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাস দেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে যোগাযোগ করার জন্য ফোন নম্বর প্রদান করেন।

জেলা প্রশাসক বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, শীতের এই দুর্দিনে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।তার এই সরাসরি উপস্থিতি এবং আন্তরিক উদ্যোগ নগরবাসীর মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button