গুম ও হত্যা মামলার আসামিকে ফেনীর পুলিশ সুপার পদে পদায়ন
অপরাধ বিচিত্রা ডেস্ক: দেশের ১২ জেলার পুলিশ সুপার (এসপি) পদে সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ মাহবুব আলম খানকে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মাহবুব আলম খানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুম, অপহরণ, হত্যা ও নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে দায়িত্ব পালনকালে তাঁর কর্মকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অভিযোগ রয়েছে, চাঁপাইনবাবগঞ্জের এক সাবেক ছাত্রদল নেতার দুই ভাইকে গুম ও অর্থ আদায়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাহবুব আলম খানকে আসামি করা হয়েছে। সংশ্লিষ্ট মামলার বাদী সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানা গেছে।
এছাড়া ২০২৪ সালের জুলাই মাসে চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। সে সময় তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগ এবং সহিংস ঘটনায় তাঁর সম্পৃক্ততার অভিযোগ এনে একাধিক হত্যা মামলা দায়ের করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বর্তমানে তাঁর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় দায়ের হওয়া অন্তত দুটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। পাশাপাশি আরও একটি সিআর মামলাও বিচারাধীন রয়েছে।
মামলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
শিবগঞ্জ থানার মামলা নং-২৫, তারিখ: ১৩/০৯/২০২৪
ধারা: ১৪৩/৪৪৮/৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৬/৩০৭/৩০২/৩৪
শিবগঞ্জ থানার মামলা নং-৫৪, তারিখ: ২০/১০/২০২৪
ধারা: ১৪৩/১৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৩৪
সিআর মামলা নং-৯০৪/২৪ (শিবগঞ্জ)
ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০
মামলাটি বর্তমানে বদলি দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম খানের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায়। তিনি ২৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। দীর্ঘ সময় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত থাকাকালে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিতি পান এবং পরবর্তীতে ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ অর্জন করেন।
বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমনে তাঁর ভূমিকা নিয়ে অতীতেও সমালোচনা ছিল বলে অভিযোগ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা। তাদের দাবি, রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়নের ঘটনায় তাঁর নাম বারবার উঠে এসেছে।
এদিকে, মাহবুব আলম খানকে ফেনীর মতো গুরুত্বপূর্ণ জেলায় এসপি হিসেবে পদায়নের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী ও মানবাধিকারকর্মী। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করেছেন তারা।
তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



