চট্টগ্রাম

বাকলিয়ায় ৯ এপিবিএনের মাদকবিরোধী অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন খেজুরতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭৮০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), চট্টগ্রাম।

রোববার (৭ জুন) দুপুর ২টা ১০ মিনিটে বাকলিয়া থানার খেজুরতলী এলাকার শাহ আলমের গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়। ৯ এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদক কারবারিদের হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দের সার্বিক দিকনির্দেশনায়, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল, বিপিএম-এর তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ খায়রুল আলমের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ তারেক আহাম্মদ। এ সময় এসআই (নিরস্ত্র) রাজীব চৌধুরীসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানকালে গ্রেপ্তারকৃত মোঃ আমির (৩৩)-এর কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। একই সময়ে রবিউল হোসাইন (৩৩)-এর হেফাজত থেকে ৩৫ পিস এবং মোঃ জিসান (১৯)-এর কাছ থেকে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

৯ এপিবিএনের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীসহ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান সমাজকে অপরাধমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button