পিডিবি প্রকৌশলীকে মারধর, জড়িতদের শাস্তির দাবি

মুহাম্মদ জুবাইর: পিডিবির প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় এ্যাব চট্টগ্রামের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের অধীনস্থ চট্টগ্রাম কম্পিউটার সেন্টারে কর্মরত সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), চট্টগ্রাম বিভাগ।
সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবাদ বিবৃতিতে বলা হয়, গত ৯ জুন ২০২৬ তারিখে কর্মরত অবস্থায় সহকারী প্রকৌশলী মাহাদী হাসান কতিপয় বহিরাগত ব্যক্তি ও কিছু কর্মচারীর হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের শিকার হন। এ ঘটনায় চট্টগ্রামের প্রকৌশলী সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে হামলা, শারীরিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু একজন প্রকৌশলীর ওপর হামলা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মপরিবেশ ও শৃঙ্খলার ওপরও আঘাত।
তিনি বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাহাদী হাসানের ওপর সংঘটিত এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক পরিচয়, সংগঠনের ব্যানার কিংবা অন্য কোনো প্রভাব খাটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালাতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হবে।
এ্যাব নেতৃবৃন্দ বলেন, শ্রমিক আন্দোলনের মূল লক্ষ্য ন্যায়সঙ্গত অধিকার আদায় ও কর্মপরিবেশের উন্নয়ন। কিন্তু সহিংসতা, সন্ত্রাস, হামলা কিংবা শারীরিক নির্যাতনের মাধ্যমে কোনো দাবি আদায়ের চেষ্টা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মতবিরোধ বা দাবি-দাওয়া থাকলে তা অবশ্যই আইনসম্মত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সমাধান করতে হবে।
প্রতিবাদ বিবৃতিতে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ খাতসহ দেশের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।



