Uncategorizedঅনুসন্ধানঅভিযানমানববন্ধনসংগঠন

জুলাই শহীদদের স্মরণে লালমাইয়ে এনসিপির আলোচনা সভা

জুলাই গণ-আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে কুমিল্লার লালমাই উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় লালমাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) লালমাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসাইন রুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুর নূর। তিনি জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও যথাযথ রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধা মুহাম্মদ নাজমুল ইসলাম, লালমাই উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক মো. সোলেমান, যুগ্ম সমন্বয়ক মো. আবুল কাশেম এবং জুলাই আন্দোলনের যুদ্ধাহত মেহেদী হাসান শুভ,উপজেলা ছাত্র শক্তি সংগঠক সজিবুল ইসলাম ও ফজলে রাব্বি রাহি। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমাই উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সিয়াম। পরে বাগমারা দক্ষিণ ইউনিয়নের জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ নাঈম সিদ্দিকী শহীদদের রুহের মাগফিরাত এবং আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় লালমাই উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button