জাতীয়

পাকিস্তানি আকাশপথের অনুমতি পাওয়ার পর আজ আসছে রূপপুরের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম

অপরাধ বিচিত্রা ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম)-এর নতুন চালান নিয়ে রাশিয়া থেকে একটি বিশেষ কার্গো বিমান আজ দেশে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও বিমান চলাচলের গতিপথে জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে দেশটির দিক থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও আকাশপথের ছাড়পত্র পাওয়ার পর ইউরেনিয়ামবাহী চালানটির আগমন চূড়ান্ত হয়। বিমানবন্দর থেকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে এটি পাবনার রূপপুর প্রকল্পে নিয়ে যাওয়া হবে।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের মোট ৭টি চালান বাংলাদেশে এসে পৌঁছাবে।

উল্লেখ্য, প্রায় তিন মাসেরও বেশি সময় আগে রূপপুরের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোড করা হলেও ‘সেফটি ভাল্ব’-এর নিরাপত্তাজনিত কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে এখনো বাণিজ্যিক উৎপাদন শুরু করা সম্ভব হয়নি। কারিগরি দল বর্তমানে ত্রুটি নিরসনে কাজ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বরের মধ্যে রূপপুরের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button