চট্টগ্রাম

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ভোগান্তিতে জনজীবন

দুলাল শিকদার: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকার সিএন্ডবি মোড়ে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির ফলে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়ও।

বিক্ষোভের কারণে চরম দুর্ভোগে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা। যানজটের কারণে অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা জানান, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা সড়কে নেমে বিক্ষোভ করছেন। শ্রমিকদের ভাষ্য, “আমরা কাজ করি, কিন্তু মজুরি পাই না, এভাবে চললে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।”

ঘটনার খবর পেয়ে শিল্প পুলিশ ও বাংলাদেশ পুলিশ-এর চান্দগাঁও থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং যানজট নিরসনে কাজ শুরু করেন।

শিল্প পুলিশের পরিদর্শক বাছা মিয়া জানান, শ্রমিকদের সঙ্গে এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য সমাধান হয়নি। কিছু শ্রমিক সড়ক ছেড়ে গেলেও যানজট পুরোপুরি স্বাভাবিক হয়নি।

এদিকে, শ্রমিকদের দাবি দ্রুত মেটানো না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button