বিশ্ব

ধ্বংসস্তূপে পরিণত চীনের আতশবাজি কারখানা, নিহত ২১, আহত ৬১

অনলাইন ডেস্ক: চীনের হুনান প্রদেশের লিউইয়াং শহরে একটি আতশবাজি কারখানায় শক্তিশালী বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) বিকেলের এই দুর্ঘটনায় আরো ৬১ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার চারপাশের তিন কিলোমিটার এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে।

বিস্ফোরণের পর কারখানার ভেতরে আটকা পড়াদের খুঁজে বের করতে ৫০০ উদ্ধারকর্মীর পাশাপাশি আধুনিক রোবট মোতায়েন করা হয়েছে।

ধ্বংসস্তূপের ভেতরে থাকা দুটি বারুদের গুদাম উদ্ধারকাজের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। দ্বিতীয় কোনো বিস্ফোরণ এড়াতে এলাকাটি আর্দ্র করার ব্যবস্থা নেওয়া হয়েছে। কারখানার আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে এবং ঘরের দরজা-জানালার ফ্রেম পর্যন্ত বেঁকে গেছে।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করা এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এদিকে পুলিশ কারখানার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে আটক করে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নিয়েছে। কেন এই বিস্ফোরণ ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
লিউইয়াং শহরটি বিশ্বের অন্যতম বৃহত্তম আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। তবে চীনে আতশবাজি কারখানায় এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণ মাঝে মাঝেই ঘটে থাকে।

এর আগে গত ফেব্রুয়ারিতেও অন্য একটি প্রদেশে বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছিল।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button