শ্যামপুরের ৫০ বছরের পুরোনো আইজি গেট বস্তি উচ্ছেদ
নাজমুল হোসেন হামিম: রাজধানীর শ্যামপুরের আইজি গেট কলোনি বস্তি উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শ্যামপুর মডেল থানা-পুলিশের সহযোগিতায় গত ২৬ সেপ্টেম্বর থেকে টানা তিন দিন বিশেষ অভিযান চালিয়ে এ উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করা হয়।
পুলিশের দাবি, প্রায় ৫০ বছর পুরোনো এই বস্তিতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল। এলাকাটি মাদক কারবারের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজি গেট ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশ্যে ও গোপনে মাদকদ্রব্যের ব্যবসা পরিচালনা করে আসছিল। মাদক কারবারি ও মাদকসেবীদের নিয়মিত যাতায়াতের কারণে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। একই সঙ্গে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।
ডিএমপি জানায়, এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক কারবার নিয়ন্ত্রণে শ্যামপুর মডেল থানা-পুলিশ দীর্ঘদিন ধরে মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় ডিএসসিসির সহযোগিতায় বস্তিটি উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।



