অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিতে আসা নগরবাসীর বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনেছেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।
সোমবার (১৬ জুন) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত এই ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়। এ সময় নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রত্যাশীরা তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও আইনশৃঙ্খলাসংক্রান্ত নানা সমস্যা ও অভিযোগ পুলিশ কমিশনারের সামনে তুলে ধরেন। পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী প্রতিটি অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সমাধানের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের জনবান্ধব উদ্যোগের জন্য সিএমপি কমিশনারকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নগরবাসীর সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, জনভোগান্তি নিরসন এবং দ্রুত সেবা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে সিএমপি। অনুষ্ঠানে অংশ নেওয়া সেবাপ্রত্যাশীরা পুলিশের এই উদ্যোগকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবামুখী কার্যক্রমের ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।



